বাল্যবিয়ে রুখতে সঞ্চয়ের শক্তি, কিশোরীদের পাশে সরকার
'আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার সখীপুরে কিশোরী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত ইরেসপো প্রকল্পের আওতায় সখীপুর মাধ্যমিক বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের উদ্যোগে এ সমাবেশ হয়।
সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মৃদুল সরকার।
প্রধান অতিথির বক্তব্যে মিলন সাহা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। কিশোরীদের পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা জরুরি। সঞ্চয়ের এই উদ্যোগ কিশোরীদের ভবিষ্যৎ নিরাপদ করার পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআরডিবি সাতক্ষীরার উপ-পরিচালক আফরুজ্জামান, দেবহাটা উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ মণ্ডল ও শিক্ষার্থী তাহিরা ইসলাম।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, কিশোরী সংঘের সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বাল্যবিয়ে প্রতিরোধ, কিশোরীদের পড়াশোনা চালিয়ে যাওয়া, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সঞ্চয়ের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নিরাপদ করতেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে ১৮ বছর পূর্ণ হওয়া ছয় শিক্ষার্থীর হাতে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ এবং সঞ্চয়ের বিপরীতে প্রণোদনার চেক তুলে দেওয়া হয়।
Comments