টোকিও ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন
জাপানের টোকিও বিগ সাইটে বিশ্বের অন্যতম বৃহৎ প্রদর্শনী 'ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও (অটাম) ২০২৬'-এ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাক, হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের সক্ষমতা তুলে ধরতে এবারের মেলায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)-এর অধীনে ২৫টি বাংলাদেশি কোম্পানি মোট ২৭টি বুথ নিয়ে এবং পাশাপাশি আরও ৫টি বাংলাদেশি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশ নিয়েছে।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: দাউদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
প্যাভিলিয়ন পরিদর্শন শেষে টোকিও বিগ সাইটের এক্সহিবিশন হলে "Bangladesh: Sourcing Excellence for Apparel, Home Textile and Leather Products" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জাপানি আমদানিকারক, বিনিয়োগকারী, ট্রেডিং হাউস এবং দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।
তৈরি পোশাক খাতের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আরএমজি (RMG) রপ্তানকারক দেশ, যেখান থেকে বার্ষিক প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়।
আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে বজায় রেখে উৎপাদিত হওয়ায় বাংলাদেশের পণ্যগুলোর মান অত্যন্ত উচ্চমানের। পাশাপাশি, বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী মূল্যে এই পণ্যগুলো পাওয়ায় জাপানি ক্রেতা ও ব্র্যান্ডগুলোর জন্য বাংলাদেশ অন্যতম সেরা সোর্সিং গন্তব্যে পরিণত হয়েছে।
Comments