দুই কোটি টিকাদান সম্পন্ন, আরও ৩৫ লাখ শিশুকে আনার লক্ষ্য- স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশজুড়ে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। আগামী এক মাসের মধ্যে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এই টিকাদানের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, নতুন সরকারের নেতৃত্বে সেগুলোর কার্যকর মোকাবিলা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে দেশের কোটি কোটি মানুষের চিকিৎসাসেবা এবং রোগ প্রতিরোধমূলক কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতের মান উন্নয়নের মাধ্যমে জনগণের উৎপাদনশীলতা বাড়ানোর ওপরও বিশেষ জোর দিচ্ছে সরকার।
তিনি আরও উল্লেখ করেন, টিকাদান কর্মসূচি সফলভাবে অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ, ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করে যাচ্ছেন।
দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিন পর থেকেই সরকারের স্বাস্থ্য বিভাগ যে লড়াই শুরু করেছে, তার সুফল এখন দৃশ্যমান উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সিটি করপোরেশন এবং স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সারা দেশে দুই কোটি শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়েছে।
তবে দুই কোটি শিশুর টীকাকরণ সম্পন্ন হওয়ার পরই সরকার থেমে থাকছে না জানিয়ে তিনি বলেন, প্রতিটি শিশুর জীবন মূল্যবান। কোনো একটি শিশুও যেন জীবনরক্ষাকারী এই টিকা থেকে বাদ না পড়ে, সে জন্য এবারের কর্মসূচিকে 'মপ-আপ ক্যাম্পেইন' হিসেবে পরিচালনা করা হচ্ছে।
এর মাধ্যমে দুর্গম পাহাড়ি অঞ্চল, প্রত্যন্ত চরাঞ্চল, দূরবর্তী এলাকার শিশু, প্রতিবন্ধী শিশু এবং পূর্বে কোনো কারণে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে ঘরে ঘরে গিয়ে টিকা দেওয়া হচ্ছে। আগামী এক মাসের মধ্যে এই বিশেষ উদ্যোগের মাধ্যমে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সবশেষে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে দেশি-বিদেশি সহযোগী সংস্থা এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত।
Comments