পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হচ্ছে ৫ ইকুইপমেন্ট
দীর্ঘ দুই বছরের বিরতির পর পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী "ফান ঝৌ-৬" নামের একটি জাহাজ। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে দশটায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫ টি কার্গো হ্যান্ডিলিং ইকুইপমেন্ট নিয়ে জাহাজটি সরাসরি টার্মিনালে নোঙ্গর করে।
ইকুইপমেন্টগুলো হলো ৮০ টন ধারন ক্ষমতা সম্পন্ন দুটি কোয়ে গ্যান্টি ক্রেন, ৪০ টন ধারন ক্ষমতা সম্পন্ন দুটি টায়ার্ড গ্যান্টি ক্রেন ও ৮০ হাজার টন ক্ষমতা সম্পন্ন একটি মোবাইল হারবার ক্রেন।
বন্দরের প্রথম টার্মিনালে কার্গো ও কন্টেইনার হ্যান্ডিলিং কার্যক্রম আরও আধুনিক ও দ্রুত করতে এসব ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ১৬৮ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার গভীরতা নিয়ে এ জাহাজটি ১৮ সেপ্টেম্বর চায়নার পিংতান বন্দর থেকে পায়রার উদ্দেশ্যে ছেড়ে আসে।
এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার মেট্রিকটন পাথর নিয়ে এমভি জেইন নামের একটি এবং ওই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার মেট্রিক টন পাথর নিয়ে এমভি ডা হং-১৬ নামের অপর একটি মাদারভ্যাসেল সরাসরি বন্দরের প্রথম টার্মিনালে বার্থিং করে পন্য খালাস করেছিলো।
পায়া বন্দর চেয়ারম্যান,রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম বলেন, রাবনবাদ চ্যানেলের নাব্যতা সংকটে ড্রেজিংয়ের পাশাপাশি পায়রাকে ডিজিটালাইজড পোর্ট হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে।
Comments