প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য নির্বাচিত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
২০১৯ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য জবি থেকে মনোনয়ন পেয়েছেন ছয়জন। তারা হলেন—হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মো. সাগর ইসলাম, পরিসংখ্যান বিভাগের মো. ইসমাইল হোসাইন রিদয়, ইসলামিক স্টাডিজ বিভাগের সুরাইয়া বিনতে রফিক, অর্থনীতি বিভাগের মিতু রানী রায়, আইন বিভাগের মাহমুদা আমির ইভা এবং মাইক্রোবায়োলজি বিভাগের শারমিন আক্তার। এ ছয়জনই ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন পাঁচজন। তারা হলেন—শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অনুরাধা পাল, মার্কেটিং বিভাগের মো. নয়ন হোসাইন, গণিত বিভাগের তাসলিমা আক্তার, লোকপ্রশাসন বিভাগের মাহাবুবুল আলম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. আনিক মিয়া। তারা ২০১৫–১৬ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন।
অন্যদিকে, ২০২১ সালের স্বর্ণপদকের জন্য জবি থেকে মনোনয়ন পেয়েছেন ইংরেজি বিভাগের রুনা আক্তার, পরিসংখ্যান বিভাগের রেহানা আক্তার তামিম, নৃবিজ্ঞান বিভাগের লায়লা নিগার তানভী, আইন বিভাগের হামিদা সুলতানা এবং ফার্মেসি বিভাগের মৌসুমি আক্তার মিতু। তারা ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক চালু করে ইউজিসি। ২০০৫ সালে এ পুরস্কার প্রবর্তন করা হয়।
স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদ বা বিভাগে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এ পদকের জন্য বিবেচনা করা হয়। ইউজিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
Comments