২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
আগামী ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। নতুন এই বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, 'ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা হবে। এছাড়া ২০২৮ সাল থেকে শিক্ষা কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী আরও পরিবর্তন ও পরিমার্জন আনা হবে এবং পরিস্থিতি বিবেচনায় নতুন বইও যুক্ত করা হবে।'
উচ্চমাধ্যমিকের ভর্তি প্রক্রিয়া প্রসঙ্গে মন্ত্রী জানান, উচ্চমাধ্যমিকে আসন সংখ্যার তুলনায় যোগ্য প্রার্থীর সংখ্যা কম থাকায় এবার ভর্তি কার্যক্রমে কিছু বিড়ম্বনা দেখা দিয়েছে। পাশাপাশি ঐতিহাসিক ব্যক্তিত্ব নবাব ফয়জুন্নেসাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে গ্যাস ও জ্বালানি তেলের দাম অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তবে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এখনো ডিজেলের দাম অনেকটাই কম রয়েছে এবং সরকার সর্বোচ্চ ভর্তুকি দিয়ে জ্বালানির বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, 'বর্তমান সংকটটি পুরোপুরি বৈশ্বিক। সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে এবং জনগণের ওপর সর্বনিম্ন চাপ রেখে যৌক্তিকভাবে এ সমস্যা সমাধানের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।'
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রতিযোগিতায় দেশের সবকটি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments