নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন নিহত
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন বলে জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দেশটির রাষ্ট্রপতি বোলা টিনুবু সোমবারের (৫ অক্টোবর) এ ঘটনা নিশ্চিত করে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবংনিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, 'বিমানবাহিনী প্রধান আমাকে বিষয়টি জানিয়েছেন এবং আমি নাইজেরিয়ান বিমানবাহিনীকে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অবিলম্বে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছি।'
এছাড়া দেশটির এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো বলেছেন, বিমানটি নাইজেরিয়ার অর্থনৈতিক হাব লাগোসে একটি রুটিন মিশনে ছিল। সে সময় দেশটির অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় এটি বিধ্বস্ত হয়।
তিনি আরও জানান, সোমবার উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৯টার সময় রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এডো প্রদেশ থেকে লাগোসের যাত্রাপথের মাঝামাঝি জায়গায় এটি বিধ্বস্ত হয়।
নাইজেরিয়ার একটি নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। দেশটির বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি এটিআর-৪২ মডেলের ছিল এবং দুর্ঘটনার পরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলের সদস্যরা যখন নৌকায় করে অভিযান চালাচ্ছিলেন তখন উৎসুক জনতা ভিড় জমায়।
স্থানীয় এক ব্যক্তি জানান, বিমানটি কিছু গাছ ভেঙে ফেলেছে। আমরা কয়েকজনের দেহাবশেষ, কিছু জামা ও কিছু জুতা পেয়েছি।
Comments