রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা: অজ্ঞাতনামা মামলায় ক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) মতিহার থানায় শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। তবে সুনির্দিষ্ট তথ্য ও ভিডিও ফুটেজ থাকার পরও মামলায় আসামিদের নাম উল্লেখ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা। একই সঙ্গে বিকেল ৪টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়েছেন তারা।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান জানান, শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রারের করা মামলাটি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে যাদের সম্পৃক্ততা প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হামলার ঘটনায় অজ্ঞাতনামা মামলা হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টির গণমাধ্যমকর্মীরা বলছেন, জড়িতরা সবাই চিহ্নিত এবং তাদের কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ ও পরিচয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
রাবি প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলাম ধ্রুব বলেন, "হামলার সব ফুটেজ ও পরিচয় সবার সামনে পরিষ্কার। তাই অজ্ঞাতনামা মামলা করার কোনো সুযোগ নেই। হামলায় জড়িত প্রত্যেকের নাম উল্লেখ করে দ্রুত তাদের আইনের আওতায় আনতে হবে।"
রাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ইরফান তামিম একে হতাশাজনক উল্লেখ করে বলেন, জড়িতদের নাম-পদবি প্রকাশ পাওয়ার পরও অজ্ঞাত মামলা করা রহস্যজনক। অভিযুক্তদের নাম যুক্ত করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে।
এর আগে গত রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে একদল দুর্বৃত্ত সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ বেশ কয়েকজন আহত হন।
Comments