এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক মারা গেছেন
দেশের প্রবীণ ব্যবসায়ী ও বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুর ১টা ১০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
এমজিএইচ গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
বর্ণাঢ্য কর্মজীবন ও ব্যবসায়িক অবদান
১৯৩৪ সালে জন্ম নেওয়া এম গাজিউল হক স্বাধীনতার আগের দেশের ব্যবসা ও নৌপরিবহন খাতের অগ্রগামী ব্যবসায়ীদের অন্যতম ছিলেন।
চট্টগ্রাম সরকারি কলেজ থেকে পড়াশোনা শেষ করে ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং একই বছর ব্রিটিশ কোম্পানি 'বার্ড অ্যান্ড কোম্পানি লিমিটেড'-এ কর্মজীবন শুরু করেন। ১৯৭৬ সালে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের (তখন বার্ডস বাংলাদেশ লিমিটেড) দায়িত্ব গ্রহণ করেন।
১৯৮০ সালে চাকরি ছেড়ে চট্টগ্রামভিত্তিক নৌপরিবহন কোম্পানি 'অ্যাকোয়ামেরিন লিমিটেড'-এ অংশীদার হিসেবে যোগ দেন। পরবর্তীতে কোপেনহেগেনভিত্তিক বিশ্বখ্যাত নৌপরিবহন প্রতিষ্ঠান 'মারস্ক লাইন'-এর সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে তোলেন 'মারস্ক বাংলাদেশ লিমিটেড', যার চেয়ারম্যান ছিলেন ১৯৯৭ সাল পর্যন্ত।
১৯৯৩ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে যোগ দেন তিনি। ২০০০ থেকে ২০০৬ এবং ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
১৯৯২ সালে তাঁর ছেলে আনিস আহমেদ এমজিএইচ গ্রুপ প্রতিষ্ঠা করেন। বাবার নামের আদ্যক্ষর (M G H) থেকে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। বাংলাদেশ থেকে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে ২৬টি দেশে বিস্তৃত একটি বহুজাতিক গ্রুপে পরিণত হয়েছে, যেখানে সাড়ে তিন হাজারের বেশি কর্মী কাজ করছেন। লজিস্টিকস, এভিয়েশন, ভ্রমণ, অর্থায়ন ও বিমাসহ নানা খাতে এই গ্রুপ ব্যবসা পরিচালনা করছে। দীর্ঘ বর্ণাঢ্য জীবনে তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
Comments