রোনালদো ক্যাম্প ছাড়ার পরও ঐক্যবদ্ধ পর্তুগাল: জেসুস
ক্রিস্তিয়ানো রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গেলেও পর্তুগাল দলে কোনো বিভাজন তৈরি হয়নি বলে দাবি করেছেন কোচ হোর্হে জেসুস। রোনালদোর নাটকীয় বিদায়ের পরও ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে ইউয়েফা নেশনস লিগে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে পর্তুগাল।
রোববার নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে মাঠে নামাননি জেসুস। এরপর বুধবার পর্তুগাল কোচ জানান, ডেনমার্কের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে রোনালদোকে বেঞ্চে রেখেই একাদশ সাজাবেন তিনি। এর কিছুক্ষণ পরই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান ৪১ বছর বয়সী রোনালদো। বৃহস্পতিবার রাতে ডেনমার্কের বিপক্ষে মাঠের পারফরম্যান্সে সেই ঘটনার নেতিবাচক প্রভাব দেখা যায়নি।
ম্যাচ শেষে রোনালদোকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি দলের ওপর কোনো প্রভাব ফেলেছে কি না—এমন প্রশ্নে জেসুস বলেন, 'এমন কিছু নেই যা দলকে আমার সঙ্গে থাকতে বাধা দেবে। বিষয়টি আমি বুঝতে পারছি। গুরুত্বপূর্ণ হলো আমাদের কী করতে হবে। যা ঘটেছে, তা দলকে আলাদা করেনি, ভবিষ্যতেও করবে না।'
ডেনমার্কের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে পর্তুগাল কোচ বলেন, 'চার গোলের দারুণ জয়, উচ্চমানের পারফরম্যান্স। এটাকে উপেক্ষা করা যায় না। যা কিছু ঘটেছে, তার চেয়ে এটি বেশি গুরুত্বপূর্ণ। আমি এটাই গুরুত্ব দিতে চাই।'
রোনালদোর জায়গায় টানা দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ পাওয়া গনসালো রামোসও কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। জোয়াও কানসেলোর প্রথম গোলটিতে সহায়তা করার পর নিজেও গোল করেন তিনি। ফলে টানা দুই ম্যাচে গোল পেলেন এসি মিলানের এই ফরোয়ার্ড।
রামোস বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নতুন কোচ আমাদের অনেক সাহায্য করছেন। আমাদের পরিকল্পনা এখন আরও পরিষ্কার। রক্ষণ ও আক্রমণে সতীর্থরা কোথায় থাকবে, সেটাও আমরা পরিষ্কারভাবে জানি।'
নেশনস লিগে দারুণ শুরুর পর এবার ঘরের মাঠে পরবর্তী ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে পর্তুগাল। সোমবার 'ডি' গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।
Comments