‘অপারেশন ক্লিন হার্ট’ পরিচালনার কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যৌথ বাহিনী গঠন বা 'অপারেশন ক্লিন হার্ট'-এর মতো কোনো অভিযান পরিচালনার সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করবে। এর জন্য নতুন করে কোনো যৌথ বাহিনী গঠনের প্রয়োজন নেই।
কর্তব্যে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, কারও বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিললে শুধু প্রত্যাহার নয়, বরং বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত ফৌজদারি অপরাধের মামলা দায়ের করা হচ্ছে। আগামী ডিসেম্বর বিজয় মাসে কোনো অপশক্তিকে দেশে কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণে নিজস্ব সদর দপ্তর স্থাপনের কথা তুলে ধরেন। গণপূর্ত মন্ত্রণালয়ের বরাদ্দে পাওয়া তিন একরের বেশি জমিতে একটি আধুনিক ও বৃহৎ অবকাঠামো গড়ে তোলা হবে বলে জানান তিনি।
নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে আনসার বাহিনীকে দেশের সর্ববৃহৎ 'ফোর্স' হিসেবে উল্লেখ করে জুলাই গণ–অভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকটে এই বাহিনীর অনন্য অবদানের প্রশংসা করেন এবং তাদের পর্যায়ক্রমিক দাবিদাওয়া পূরণের আশ্বাস দেন।
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে ইতিমধ্যে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।
এছাড়া রাস্তা খনন ও নির্মাণকাজের কারণে যেন তীব্র যানজটের সৃষ্টি না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো রাস্তা একসঙ্গে না কেটে খণ্ড খণ্ডভাবে কাজ শেষ করে তা দ্রুত পুনর্নির্মাণ করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।
Comments