সহকর্মীর ছুরিকাঘাতে আহত ভারতীয় পাইলটকে ‘নায়ক’ আখ্যা বিশ্বনেতাদের
ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক ভারতীয় পাইলট। ক্যাপ্টেন স্মিত মাচ্ছার নামের এই পাইলটকে 'সত্যিকারের নায়ক' হিসেবে প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুবাই থেকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি সৌদি আরবের আকাশসীমার ওপর দিয়ে যাওয়ার সময় ককপিটেই এই হামলার ঘটনা ঘটে। ফ্লাইটে থাকা অপর এক পাইলট ক্যাপ্টেন মাচ্ছারকে ছুরিকাঘাত করেন এবং বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে।
এ সময় এক ইসরায়েলি যাত্রী ও ক্রু সদস্যের তাৎক্ষণিক পদক্ষেপে হামলাকারী পাইলটকে কাবু করা হয়। পরে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। রিয়াদে ভারতীয় দূতাবাস জানিয়েছে, বর্তমানে ক্যাপ্টেন মাচ্ছারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ক্যাপ্টেন স্মিত মাচ্ছার কে?
ক্যাপ্টেন স্মিত মাচ্ছার ভারতের মুম্বাইয়ে বেড়ে উঠেছেন। তাঁর বাবা-মা এখনও সেখানেই বসবাস করেন। ২০১১ সালে তিনি ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটে যোগ দেন। পরবর্তীতে দুবাইয়ে চলে যান এবং ২০২২ সালে ফ্লাইদুবাইয়ে অভিজ্ঞ পাইলট হিসেবে যুক্ত হন। তাঁর প্রায় ৯ হাজার ৭৫০ ঘণ্টার বেশি উড্ডয়ন অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে ৬ হাজার ৪০০ ঘণ্টার বেশি সময় তিনি কাপ্তান বা দায়িত্বপ্রাপ্ত পাইলট হিসেবে উড়োজাহাজ চালিয়েছেন।
পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে মাচ্ছার জানিয়েছিলেন, বিমান চালানো তাঁর ছোটবেলার স্বপ্ন ছিল না। ১৯ বছর বয়সে একটি ব্যবস্থাপনা কোর্সে ভর্তি হয়ে পরিবারের ব্যবসায় যোগ দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে একটি বিমান চলাচলবিষয়ক সেমিনারে অংশ নেওয়ার পর এই পেশার প্রতি তাঁর আগ্রহ জন্মায়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে জানান, ক্যাপ্টেন মাচ্ছার ১৭৪ জন যাত্রীর জীবন রক্ষা করেছেন এবং আকাশে একটি বড় ধরনের বিপর্যয় ঠেকিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মাচ্ছারের অসীম সাহস ও সংকল্পের প্রশংসা করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও বিপদের মুখে তাঁর অসাধারণ উপস্থিত বুদ্ধির ভূয়সী প্রশংসা করেছেন।
Comments