রাড্ডা সেন্টারে হামলা: সংসদ সদস্য পদ থেকে মিষ্টি’র পদত্যাগ
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি নিজে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
এর আগে আজ দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন যমুনা টেলিভিশনকে জানিয়েছিলেন যে, সরকারপ্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে তাঁর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন।
গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রটিতে হামলা, ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এই ন্যক্কারজনক ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার গুরুতর অভিযোগ ওঠে, যার সাথে এমপির নাম জড়িয়ে পড়ার পর থেকেই তাঁর পদত্যাগের জোরালো দাবি উঠছিল।
এদিকে এই ঘটনার পর দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। গত বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের একাধিক ইউনিটের কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং জড়িত অভিযোগে বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
Comments