প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং তার সফল নিউইয়র্ক সফরের নানা দিক তুলে ধরতে আজ বিকেলে সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন—
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন
-
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী
-
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন
তারা নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যক্রম, বিশ্বনেতাদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক, সফরের সফলতা এবং সামগ্রিক অর্জন গণমাধ্যমের সামনে তুলে ধরবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী প্রায় ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক শান্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলসহ আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন।
এ ছাড়া অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে বোয়িংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। পাশাপাশি বিশ্বব্যাংক ও ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং দেশের স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে আন্তর্জাতিক মহলে জোরালো বক্তব্য তুলে ধরেন তিনি। অন্যদিকে, প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে নারী নেতৃত্ব, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং ধাত্রীবিদ্যা-সংক্রান্ত বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন।
আজকের সংবাদ সম্মেলনে এই চার দিনের সফরের সার্বিক সাফল্য ও দেশের অর্জনগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
Comments