মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র:ভাঙচুর ও অগ্নিসংযোগ
ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলেও বিক্ষুব্ধ ব্যবসায়ীদের ইটপাটকেলের মুখে পিছু হটতে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর পৌনে ১২টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে মিরপুর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ফুটপাতের শত শত ব্যবসায়ী মিরপুরের আইডিয়াল কলেজের সামনে অবস্থান নেন এবং প্রতিরোধ গড়ে তোলেন। অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় অবস্থান নেয় পুলিশ।
উত্তেজনা বৃদ্ধি পেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর জবাবে ক্ষিপ্ত ফুটপাতের ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলার রক্ষাকারীদের তুলনায় আন্দোলনরত ব্যবসায়ীদের সংখ্যা অনেক বেশি থাকায় শেষ পর্যন্ত পুলিশ পিছু হটে।
এই সুযোগে বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে ব্যাপক ভাঙচুর চালায় এবং সিটি করপোরেশনের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Comments