পাহাড়ে ফাঁদ, কনভয়ে হামলা: পাক সেনার ৯ সদস্য নিহতের দাবি বালোচ বিদ্রোহীদের
পাকিস্তানের বালুচিস্তানে নিরাপত্তাবাহিনীর ওপর ফের হামলার খবর পাওয়া গেছে। এবার হামলার সঙ্গে যুক্ত হয়েছে বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের (বিএলএফ) নতুন নারী শাখা 'করিমা আর্মড অ্যাসল্ট ডিভিশন' বা 'কাদ'।
বিএলএফের দাবি, সোমবার বালুচিস্তানের কেচ জেলার তুরবাত শহরে পাকিস্তান সেনাবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্সের (কিউআরএফ) একটি কনভয়ে হামলা চালায় তাদের নারী যোদ্ধাদের এই ইউনিট। এতে অন্তত ৯ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
বিএলএফের মিডিয়া শাখা 'আশব' মঙ্গলবার হামলার একটি ভিডিও প্রকাশ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিওতে কনভয়ে হামলার আগে এক নারী কমান্ডারকে যোদ্ধাদের নির্দেশ দিতে দেখা যায় বলে দাবি করেছে সংগঠনটি।
বিএলএফের ভাষ্য অনুযায়ী, পাহাড়ি এলাকায় আগে থেকেই কনভয়ের জন্য ফাঁদ তৈরি করা হয়েছিল। নারী যোদ্ধাদের সহায়তায় পুরুষ যোদ্ধাদের একটি বিশেষ ইউনিটও মোতায়েন ছিল।
তবে হামলায় পাকিস্তানি সেনাদের ৯ জন নিহত হওয়ার দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
করিমা বালুচের নামে নারী ইউনিট
চলতি মাসেই বিএলএফ তাদের নতুন নারী শাখা 'করিমা আর্মড অ্যাসল্ট ডিভিশন' গঠনের ঘোষণা দেয়। কানাডায় ২০২০ সালে মৃত বালোচ মানবাধিকারকর্মী করিমা বালোচের স্মরণে এই ইউনিটের নামকরণ করা হয়েছে বলে জানায় সংগঠনটি।
বিএলএফের দাবি, তুরবাতের অভিযানে তাদেরও তিন যোদ্ধা নিহত হয়েছেন।
এর আগে বালোচিস্তানের আরেক সশস্ত্র সংগঠন বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) নারী সদস্যদের হামলার ঘটনাও আলোচনায় এসেছিল। গত ফেব্রুয়ারিতে নুশকিতে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একটি স্থাপনায় দুই নারী আত্মঘাতী হামলাকারী হামলা চালিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বালুচিস্তানে দীর্ঘদিন ধরেই পাকিস্তানি নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিভিন্ন বালোচ সশস্ত্র গোষ্ঠীর সংঘাত চলছে। চলতি বছর বিএলএ ও বিএলএফসহ কয়েকটি গোষ্ঠীর মধ্যে সহযোগিতা আরও জোরদার হওয়ার খবর পাওয়া গেছে। এর পর নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনাও সামনে এসেছে।
Comments