বিরোধীদলসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলসহ সকল অংশীজনের সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, জুলাই সনদে দেওয়া নোট অব ডিসেন্টের বিষয়ে বিরোধীদল যদি কোনো পরিবর্তন আনতে চায়, সে বিষয়েও আলোচনার সুযোগ রয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়। তাঁরা উপস্থিত হয়ে সংবিধান সংস্কার ও দেশের সমসাময়িক রাজনৈতিক বিষয়ে নিজেদের সুচিন্তিত অভিমত তুলে ধরেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী পদে কেউ টানা ১০ বছরের বেশি থাকতে পারবে না—বিএনপি তাদের এই অবস্থান থেকে সরে আসেনি। জনগণের চাহিদা অনুযায়ী দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রী পদে থাকার যে প্রস্তাব বিভিন্ন মহলে এসেছে, তা দলটির ঘোষিত ৩১ দফার পরিপন্থী। এছাড়া দ্বি-কক্ষবিশিষ্ট সংসদীয় পদ্ধতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদেই গৃহীত হবে বলে জানান তিনি।
সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হওয়ার পর তাতে রাষ্ট্রপতি স্বাক্ষরের ঠিক আগে একটি গণভোট আয়োজনের বিষয়টিও বৈঠকে আলোচিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের পাশাপাশি দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আরও নিবিড় আলোচনা করা হবে। পাশাপাশি 'জুলাই জাতীয় সনদ' প্রণয়ন ও ঐকমত্য কমিশনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে পরবর্তীতে আরও বৈঠক করা হবে।
বৈঠকে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুন:প্রবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। তবে তত্ত্বাবধায়ক সরকার ঠিক কী প্রক্রিয়ায় ও কোন কাঠামোয় গঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জুলাই জাতীয় সনদ যেভাবে প্রণীত হয়েছে, তা বাস্তবায়নে বর্তমান সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ বলেও পুনর্ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমদ।
বৈঠকে অংশ নেওয়া সংবাদমাধ্যমের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা জানান, তাঁরা সুনির্দিষ্টভাবে মত দিয়েছেন যেন কোনো একক বা দলীয় সিদ্ধান্তে নয়, বরং একটি বৃহত্তর জাতীয় ঐকমতের ভিত্তিতেই দেশের সংবিধান সংশোধন করা হয়।
সভায় বিজেসির চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদসহ আমন্ত্রিত জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, স্বাধীনতার পর থেকে নানা সময়ে রাজনৈতিক স্বার্থে সংবিধান বহুবার কাটাছেঁড়া করা হয়েছে। তাই এবার জুলাইয়ের মহান চেতনা ও ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে সংবিধান সংশোধনের অনুরোধ জানান তিনি।
Comments