মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষনা
রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত 'রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার' পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত পুনঃপ্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি ঘুরে দেখার পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, 'আমাদের এই সহায়তা কেবল শুরু, এটি শেষ নয়। স্থানীয় মানুষের চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনে আমরা আরও সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াব ইনশাআল্লাহ।'
স্বাস্থ্যকেন্দ্রে ন্যাক্কারজনক হামলা, ভাঙচুর ও লুটপাটের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, 'সরকারি দলের সরাসরি আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কারোরই থাকার কথা নয়। অপরাধী যে দলেরই হোক না কেন, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।'
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, 'আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও কোনো ধরনের অপকর্ম বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। বর্তমানে সরকারি দলের ছত্রছায়ায় দেশজুড়ে মব সন্ত্রাস চলছে।'
তিনি অবিলম্বে রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্যকেন্দ্রটি পূর্ণ উদ্যমে পুনরায় চালু করার জোরালো দাবি জানান।
পরিদর্শনকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।
Comments