থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
আকস্মিক বন্যার কারণে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে গত দুই দিন ধরে আটকে আছেন এশিয়ান গেমসে অংশ নিতে জাপানের উদ্দেশে রওনা হওয়া বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের পাঁচ খেলোয়াড় ও এক কোচ। প্রাকৃতিক দুর্যোগের ফলে ফ্লাইট জটিলতা তৈরি হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে সময় কাটছে তাদের।
থাই বিমানবন্দরে আটকে থাকা বাংলাদেশ দলের সদস্যরা হলেন:
খেলোয়াড়: রামহিমলিয়ন বম, ইমরুল কায়েস ইমন, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি এবং সামান্তা হোসেন তুসি।
কোচ ও কর্মকর্তা: মো. মোহসিনুল আলম ঝিনু (কোচ ও ফেডারেশন সদস্য)।
এদিকে ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় বাংলাদেশ প্রতিনিধি দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় নিরাপদে দেশে ফিরতে পেরেছেন।
জানা গেছে, মূলত থাই এয়ারওয়েজের যাত্রীদেরই এই চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। থাইল্যান্ডে আকস্মিক বন্যার কারণে বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষ আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা বা বিকল্প ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে। ফলে বাংলাদেশ দলের সদস্যদের দীর্ঘ সময় ধরে বিমানবন্দরেই মানবেতর অপেক্ষা করতে হচ্ছে।
এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। আটকে থাকা খেলোয়াড় ও কোচকে দ্রুত নিরাপদে অন্য কোনো ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার জন্য বিওএ'র পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
Comments