পর্যটন খাতকে প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 'বিশ্ব পর্যটন দিবস ২০২৬' উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, পর্যটন কেবল অবকাশযাপনের মাধ্যম নয়; এটি কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ খাত।
এ বছরের পর্যটন দিবসের প্রতিপাদ্য—'ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন'—এ শিল্পের ভবিষ্যৎ রূপান্তরের সঠিক দিকনির্দেশনা দিচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা ও স্মার্ট প্রযুক্তির ব্যবহার পর্যটনসেবাকে আরও সহজ, নিরাপদ ও ব্যক্তিকেন্দ্রিক করার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বিভিন্ন বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে বাণীতে উল্লেখ করা হয়। দেশের নিজস্ব ইতিহাস ও সংস্কৃতিকে সামনে রেখে ৩০টিরও বেশি জেলায় পর্যটন ক্লাস্টার গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি কমিউনিটি, ইকো, গ্রামীণ ও নদীভিত্তিক পর্যটনের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে অর্থনৈতিক কার্যক্রমে যুক্ত করা হচ্ছে।
সরকারি-বেসরকারি অংশীদারত্বে আধুনিক অবকাঠামো নির্মাণ এবং ক্ষুদ্র ও মাঝারি পর্যটন ব্যবসা তথা নতুন স্টার্টআপগুলোর জন্য সহজ শর্তে ঋণ ও নীতিগত সহায়তা প্রদান করা হচ্ছে। ২০৩৪ সালের মধ্যে একটি বিস্তৃত জাতীয় বিমান যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বিমান চলাচল কেন্দ্রে পরিণত করার লক্ষ্য রয়েছে।
পর্যটনের বিকাশ যেন পরিবেশ ও ঐতিহ্যবিরোধী না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। উপকূলীয় ও প্রাকৃতিক পর্যটনে জীববৈচিত্র্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্বন নিঃসরণ কমানোর ওপর জোর দেওয়া হয়েছে।
পরিশেষে, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার জাতীয় লক্ষ্য পূরণে এই পর্যটনশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সরকার, বেসরকারি খাত ও তরুণ সমাজের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি নিরাপদ ও বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Comments