নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের হেনস্তার শিকার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র অবস্থানরত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিউইয়র্কের রাস্তায় প্রবাসী বাংলাদেশিদের একটি দলের হেনস্তার শিকার হয়েছেন। এ সময় তাঁকে লক্ষ্য করে বিভিন্ন কটূক্তি ও রাজনৈতিক স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, নিউইয়র্কের একটি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় একদল প্রবাসী ববি হাজ্জাজের পেছনে হেঁটে বিভিন্ন মন্তব্য ও স্লোগান দিচ্ছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে 'বাংলাদেশি টেরোরিস্ট' ও 'বাটপার'সহ বিভিন্ন কটূক্তিমূলক শব্দ ব্যবহার করতে শোনা যায়।
একপর্যায়ে ওই ব্যক্তিরা প্রতিমন্ত্রীর পিছু নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময়ের চেষ্টা করলেও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কোনো বাদানুবাদে জড়াননি। তিনি সম্পূর্ণ শান্ত ও সংবৃত থেকে নিজের গন্তব্যের দিকে হেঁটে চলে যান।
তবে ছড়িয়ে পড়া ভিডিওটির স্থান-কাল কিংবা এতে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে অভিযুক্তদের কেউ কেউ আওয়ামী লীগের কর্মী বা সমর্থক বলে দাবি করলেও এর সত্যতা নিশ্চিত করা
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন ববি হাজ্জাজ। সাধারণ পরিষদের বিভিন্ন আনুষ্ঠানিকতার পাশাপাশি তিনি শিক্ষা বিষয়ক বেশ কিছু উচ্চপর্যায়ের ইভেন্টেও অংশ নিচ্ছেন।
এর অংশ হিসেবে গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের ইকোসক চেম্বারে 'গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন' আয়োজিত 'মাল্টিপ্লাই পসিবিলিটি: এ নিউ এরা ফর এডুকেশন ফাইন্যান্সিং' শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক অঙ্গন থেকে বাড়তি অর্থায়ন ও কারিগরি সহায়তার জোরালো দাবি জানান।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের সঙ্গে 'ফ্রম ক্লাসরুম টু ইকোনমি' শীর্ষক এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। ওই অনুষ্ঠানে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী।
এদিকে বিদেশের মাটিতে বাংলাদেশের একজন সরকারি প্রতিনিধিকে প্রকাশ্যে হেনস্তা ও কটূক্তি করার এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ নেওয়ার তথ্য পাওয়া যায়নি।
Comments