উপনিবেশবাদী ও ষড়যন্ত্রকারীদের এ দেশে কোনো স্থান হবে না: রুহুল কবির রিজভী
দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিয়ে বিএনপি সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, 'যারা বাংলাদেশকে অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত করার ষড়যন্ত্র করছে, বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের দৃঢ়ভাবে প্রতিরোধ করবে। এই স্বাধীন মাটিতে কোনো ধরনের উপনিবেশবাদী ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীর স্থান হবে না।'
এ সময় জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক ভাষণের প্রসঙ্গ টেনে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, তিন প্রজন্মের রাজনৈতিক বিচক্ষণতার প্রতিনিধিত্ব করে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে অত্যন্ত জোরালোভাবে কথা বলেছেন। তিনি সংঘাত বা মারণাস্ত্রের পরিবর্তে যুক্তি-তর্কের লড়াই এবং একটি মানবিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ উপায়ে নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে বিশ্বশক্তির প্রতি কঠোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Comments