প্রখ্যাত শিশুসাহিত্যিক ও সম্পাদক আখতার হুসেন আর নেই
বিশিষ্ট শিশুসাহিত্যিক ও প্রবীণ সম্পাদক আখতার হুসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, আখতার হুসেন বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত ও শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ১৯ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই আজ দুপুরে তিনি মারা যান।
১৯৪৫ সালের ১ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে জন্মগ্রহণ করেন আখতার হুসেন । দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলা সাহিত্য, বিশেষ করে শিশুসাহিত্যে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর লেখা ও সম্পাদনা শিশু-কিশোর সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে। তিনি অত্যন্ত সুনামের সঙ্গে প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাংলা সাহিত্যে তাঁর অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মর্যাদাপূর্ণ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, আত্মীয়স্বজন, সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর প্রয়াণে দেশের সাহিত্য অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
Comments