সেতু নির্মাণে অনিয়ম: এলজিইডির ৩ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
নোয়াখালী ও টাঙ্গাইলে সেতু নির্মাণকাজে রডের বদলে বাঁশ ব্যবহার ও ব্যাপক অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তিন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের সই করা পৃথক আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
নির্মাণাধীন সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগে বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও কার্যসহকারী মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীর কাছেও ব্যাখ্যা (কৈফিয়ত) তলব করা হয়েছে।
সেতু নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহার করে ঢালাইয়ের অভিযোগে বাসাইল উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কার্যসহকারী মো. হাসমত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে এ ঘটনায় সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীকে বরখাস্ত ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাখ্যা চাওয়া হয়েছিল।
নোয়াখালীর ঘটনার অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এলজিইডির নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তাঁকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে জানিয়েছেন, উন্নয়নকাজে দুর্নীতি বা মানুষের জীবন ঝুঁকিতে ফেলার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। অপরাধ প্রমাণিত হলে চাকরি থেকে স্থায়ী অব্যাহতি দেওয়া হবে।
Comments