আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে গতকাল ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় পূর্বনির্ধারিত সময়ের এক দিন পর শুরু হচ্ছে পাঠদান।
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছিল ২ সেপ্টেম্বর। আবেদন করার শেষ সময় ছিল ১০ সেপ্টেম্বর রাত ৮টা। এ ধাপে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনীত হন।
প্রথম ধাপের ফল প্রকাশ করা হয় ১৬ সেপ্টেম্বর রাতে। এরপর মনোনীত শিক্ষার্থীদের ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম শেষ করার সুযোগ দেওয়া হয়।
ভর্তি নীতিমালা অনুযায়ী, কলেজের মোট আসনের ৯৩ শতাংশ সাধারণ শিক্ষার্থীদের জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত রাখা হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।
অন্যদিকে মোট আসনের বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব রয়েছে। এই কোটা ব্যবস্থা শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কার্যকর থাকবে।
প্রথম ধাপে আবেদন করেও কলেজে মনোনয়ন না পাওয়া, আবেদন না করা, মনোনয়ন পেয়েও নিশ্চায়ন না করা কিংবা নির্ধারিত সময়ে ভর্তি সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীদের জন্য থাকছে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ।
দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে ২৭ সেপ্টেম্বর এবং চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। এ ধাপের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১ থেকে ৩ অক্টোবরের মধ্যে ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ অক্টোবর রাত ৮টায়। এরপর ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত কলেজগুলোতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীদের নতুন করে আবেদন ফি দিতে হবে না। তারা অনলাইনে নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করে পছন্দের তালিকা পরিবর্তন করতে পারবেন এবং প্রয়োজন হলে নতুন কলেজও যুক্ত করতে পারবেন।
দ্বিতীয় ধাপে একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থী নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এদিকে প্রথম ধাপে ভর্তি প্রক্রিয়া শেষ করা শিক্ষার্থীদের জন্য আজ থেকেই কলেজে নিয়মিত পাঠদান শুরু হচ্ছে। দ্বিতীয় ধাপে ভর্তি হওয়া শিক্ষার্থীরা পরবর্তীতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাসে যোগ দেওয়ার সুযোগ পাবেন।
Comments