ঢাকায় অফিস খুলতে আগ্রহী ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা: শামা ওবায়েদ
রাজধানী ঢাকায় নিজস্ব কার্যালয় বা অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান 'মেটা' গভীর আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ বলেন, "আজকে আমাদের মেটার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততা ও সময়ের স্বল্পতার কারণে তিনি শেষ পর্যন্ত থাকতে পারেননি। তবে আমাদের একটি উচ্চপর্যায়ের দল এই বৈঠকে অংশ নেয়।
মেটার সঙ্গে আলোচনার বিষয়ে তিনি আরও জানান, বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অত্যন্ত বেশি হওয়ায় প্রতিষ্ঠানটি ঢাকাকে তাদের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ফোকাল পয়েন্ট করতে চায়। বৈঠকে সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) এবং দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে মেটার সহযোগিতা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কূটনৈতিক কার্যক্রম তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
Comments