দীর্ঘ বিরতি শেষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ডিকভেলা-বান্দারা
দীর্ঘ বিরতির পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরেছেন আশেন বান্দারা ও নিরোশান ডিকভেলা। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।
বান্দারা সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২৩ সালে। আর ডিকভেলা সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০২১ সালে।
শেহান আরাচিগেকে অধিনায়ক করে সাজানো দলে এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টির ডাক পেয়েছেন সিনেথ জয়াবর্ধনে, সোহান ডি লিভেরা, ওয়ানুজ শেহান ও গারুকা সংকেত।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তান যেখানে তুলনামূলক শক্তিশালী দল নিয়ে এশিয়ান গেমসে নামছে, সেখানে শ্রীলঙ্কা বিশ্রাম দিয়েছে নিয়মিত টি-টোয়েন্টি দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে। অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় রেখে দীর্ঘদিন পর বান্দারা ও ডিকভেলাকে ফেরানো হয়েছে।
তবে সদ্য সমাপ্ত লঙ্কা প্রিমিয়ার লিগে দুজনের পারফরম্যান্স খুব একটা নজরকাড়া ছিল না। কলম্বো ক্যাপসের হয়ে বান্দারা তিন ম্যাচে করেছেন ২৮ রান। অন্যদিকে ডাম্বুলা সিক্সার্সের হয়ে ডিকভেলা ১১০ রান সংগ্রহ করেছেন, তার স্ট্রাইক রেট ছিল ১৪২.৮৫।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা না পাওয়া লেগ স্পিনার বিজয়কান্ত ভিয়াসকান্তও এবার সুযোগ পেয়েছেন। ঘরোয়া প্রতিযোগিতায় ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ায় তার পারফরম্যান্সই জাতীয় দলের দরজা খুলে দিয়েছে।
দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুনারত্নেও। গল গ্ল্যাডিয়েটর্সের এলপিএল শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই অলরাউন্ডার ব্যাট হাতে ২৫৩ রান করেছেন। তার স্ট্রাইক রেট ছিল ১৫৭.১৪।
শ্রীলঙ্কার স্পিন আক্রমণে ভিয়াসকান্তের সঙ্গে থাকছেন দুই হাতেই বল করতে সক্ষম থারিন্দু রত্নায়েকে এবং লেগ স্পিনার দুশান হেমন্ত। পেস বিভাগে রয়েছেন নুয়ান থুশারা ও বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দো।
এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। ২৯ সেপ্টেম্বর নিশিনেতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা।
এর আগের আসরেও শ্রীলঙ্কা দলের নেতৃত্বে ছিলেন শেহান আরাচিগে। সেবার নিজেদের একমাত্র ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।
এশিয়ান গেমসে শ্রীলঙ্কার ১৫ সদস্যের স্কোয়াড:
শেহান আরাচিগে (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেটকিপার), লাসিথ ক্রসপুল, সিনেথ জয়াবর্ধনে, নুয়ানিদু ফার্নান্দো, সোহান ডি লিভেরা, আশেন বান্দারা, চামিকা করুনারত্নে, থারিন্দু রত্নায়েকে, ওয়ানুজ শেহান, বিজয়কান্ত ভিয়াসকান্ত, দুশান হেমন্ত, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো ও গারুকা সংকেত।
Comments