অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়া হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
মন্ত্রী জানান, নির্ধারিত নতুন বাসভাড়ার প্রজ্ঞাপন আজই (মঙ্গলবার) জারি করা হবে এবং গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে।
অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, "কেউ সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নিলে রুট পারমিট ক্যানসেল করা হবে, জরিমানার ব্যবস্থা থাকবে এবং আগামীতে তাদের রুট পারমিট দেওয়া হবে কি না, সে বিষয়েও জবাবদিহি করতে হবে।"
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় প্রচলিত ফর্মুলা অনুযায়ী ২০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি তুলেছিল পরিবহন মালিকরা। এমনকি তারা মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ানোর দাবিও তুলেছিল। তবে সব দিক বিবেচনা করে সরকার ২০ পয়সার পরিবর্তে তা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করেছে বলে জানান মন্ত্রী।
অনেক জায়গায় ঘোষণার আগেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে রবিউল আলম স্বীকার করেন যে দেশের পরিবহন খাত পুরোপুরি সুশৃঙ্খল নয়। তবে বিগত সময়ের মতো এবারও নির্ধারিত ভাড়ার ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
গতবারের মতো এবারও এখন পর্যন্ত রেলভাড়া বাড়ানোর কোনো চিন্তা নেই বলে জানান মন্ত্রী। এছাড়া আগামী পরশু লঞ্চ মালিক সমিতির সঙ্গে বৈঠক করে লঞ্চ ভাড়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।
Comments