ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা বৈঠকের সুযোগ নেই: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাদা কোনো দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, বর্তমান সফরের মূল লক্ষ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়া। তাই আলাদা করে কোনো দ্বিপক্ষীয় আলোচনার সুযোগ বা পরিকল্পনা এই মুহূর্তে নেই। এর আগে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই চিঠিতে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলেও প্রতিমন্ত্রী জানান যে, উভয় পক্ষের সুবিধাজনক সময়ে পরবর্তীতে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের মাধ্যমেই কেবল তা বিবেচনা করা যেতে পারে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বমঞ্চে এখন অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আলোচনার সুযোগ নেই। বরং গণতান্ত্রিক উত্তরণের পর নতুন বাংলাদেশের রূপরেখা, নেতৃত্ব এবং নীতিগত দৃষ্টিভঙ্গি তুলে ধরাই এই সফরের প্রধান কাজ।
রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ এবং বহুপক্ষীয় কূটনীতিতে দেশের স্বার্থ নিশ্চিত করতে এবার অত্যন্ত সীমিত পরিসরে প্রতিনিধিদল গঠন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। আনুষ্ঠানিক বহরে মাত্র ৩৩ জন সদস্য রয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
Comments