টাইফুন দুজুয়ানে বিপর্যস্ত জাপান: নিহত ২, লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে
শক্তিশালী টাইফুন 'দুজুয়ান'-এর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে জাপানের বিস্তীর্ণ অঞ্চল। রাজধানী টোকিও ও এর আশপাশের এলাকায় প্রবল ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
টাইফুনের প্রভাবে সৃষ্ট ভূমিধস ও পানিতে তলিয়ে যাওয়ায় কানাগাওয়া ও চিবা এলাকায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সুরক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ১৬ লক্ষাধিক মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানী টোকিওর নিকটবর্তী কাতসুরা এলাকা থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণে অবস্থানকালে ঝড়টি ঘন্টায় প্রায় ১৪৪ কিলোমিটার (৮৯ মাইল) বেগে প্রবল বাতাস নিয়ে অগ্রসর হয়। তবে মঙ্গলবার ভোরের দিকে এটি উপকূল অতিক্রম করে প্রশান্ত মহাসাগরের দিকে দুর্বল হয়ে সরে গেছে।
আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় জাপান এয়ারলাইন্স ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টিসহ মোট শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। এতে বিমানবন্দরে আটকা পড়েন বহু যাত্রী। টোকিও ও ওসাকার মধ্যবর্তী রুটের বিখ্যাত বুলেট ট্রেনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল পরিষেবা বন্ধ রাখা হয়।
টোকিওর পূর্বে ইচিকাওয়া এবং জনপ্রিয় পর্যটন এলাকা কামাকুরার সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। এছাড়া বিশ্বখ্যাত 'টোকিও গেম শো' নির্ধারিত সময়ের আগেই বন্ধ ঘোষণা করা হয় এবং বেশ কিছু কনসার্ট ও খেলাধুলা বাতিল করা হয়।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, চলতি বছর জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন হলো এই দুজুয়ান। ঝড়ের প্রভাবে কিছু এলাকায় সেপ্টেম্বর মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। ফলে দেশটির বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসের ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
টাইফুন দুজুয়ান জাপানের পূর্ব উপকূল অতিক্রম করে ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে। তবে ভারী বৃষ্টির কারণে এখনো নদীর পানি বৃদ্ধি, বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে।
Comments