সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তবে এই জামিন আদেশ স্থগিত চেয়ে তাৎক্ষণিকভাবে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
আগামী ২৬ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৮ জুন সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে একটি রুল জারি করেছিলেন হাইকোর্ট। গত বছরের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারের পর দিন তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মুস্তাফিজুর রহমান তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয় এবং তখন থেকেই তিনি কারাবন্দি ছিলেন।
Comments