প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসান দিচ্ছে বিপিসি
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বর্তমানে প্রতি লিটার ডিজেলে প্রায় ৯০ টাকা করে লোকসান গুণছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। তিনি জানান, এই পরিস্থিতিতে বাধ্য হয়েই দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই তথ্য জানান।
এর আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা সোমবার থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী:
-
ডিজেল: ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা
-
কেরোসিন: ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা
-
পেট্রোল: ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা
-
অকটেল: ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে চলতি বছরের মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এবং ফ্রেইট চার্জ (পরিবহন ব্যয়) উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে। বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের কথা বিবেচনা করে দেশে তা সেভাবে পুরোপুরি সমন্বয় করা হয়নি।
এর জেরে গত মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত—এই ছয় মাসে বিপিসির মোট ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(সূত্র: স্টার নিউজ)
Comments