মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়াও
কিংবদন্তিকে বিদায় দেওয়ার জন্য তৈরি মঞ্চ। তর্কাতিতভাবে ফুটবল ইতিহাসের সেরা লিওনেল মেসিকে শেষবার আর্জেন্টিনার জার্সিতে দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবলবিশ্বই। অধীর অপেক্ষায় আছেন মেসিকে নিয়ে আলবিসেলেস্তাদের সাফল্যের সঙ্গী হওয়া আনহেল মারিয়াও।
ক্লউসুরা টুর্নামেন্টে আর্জেন্তিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের গুরুত্বপূর্ণ জয়ের পর এক বড় ঘোষণা দিয়েছেন দি মারিয়া। আগামী ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানাতে যাচ্ছেন মেসি। সাবকে সতীর্থের সেই ঐতিহাসিক শেষ ম্যাচটি গ্যালারিতে বসে দেখার কথা নিশ্চিত করেছেন রোজারিও সেন্ট্রালের এই তারকা।
পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারের দৌড়ে রোসারিও সেন্ট্রালের জয়ের পর মিক্সড জোনে নিজের এই পরিকল্পনার কথা জানান দি মারিয়া। আগামী ৫ তারিখ তাঁদের ক্লাব ম্যাচের পরপরই স্টেডিয়ামে উপস্থিত থাকার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, 'আমাকে তো স্টেডিয়ামে যেতেই হবে, তাই না? সামনে থেকে শেষ ম্যাচটা তো দেখতেই হবে। ৫ তারিখ ব্যানফিল্ডের বিপক্ষে আমাদের ম্যাচ আছে, তাই হয়তো আমি বুয়েনস আইরেসেই থেকে যাব। হাতের কাছেই যেহেতু, আমি নিশ্চিতভাবেই গ্যালারিতে থাকব।'
অধিনায়ক ও পরম বন্ধুর আর্জেন্টিনা দল ছাড়ার বিষয়ে আবেগঘন কণ্ঠে দি মারিয়া যোগ করেন, 'লিওকে ছাড়া আর্জেন্টিনার দল কল্পনা করা কতটা কঠিন, তাই না? এতগুলো বছর ধরে ও আর্জেন্টিনা, আর্জেন্টিনার মানুষ এবং পুরো বিশ্বকে যা উপহার দিয়েছে—তার পর ওকে ছাড়া দলকে মেনে নেওয়া সহজ হবে না। তবে আমরা সবাই ওর এই শেষ দিনটি দারুণভাবে উপভোগ করব।'
আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিই হতে যাচ্ছে তিন ম্যাচের এই সিরিজের একমাত্র ম্যাচ, যেখানে মাঠে নামবেন মেসি। এই বিশেষ ম্যাচের জন্য তাঁর সঙ্গে মাঠে দেখা যাবে জাতীয় দলের পুরোনো সতীর্থ রদ্রিগো দে পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোকে। অন্যদিকে, ২০২২ কাতার জয়ী দলের বাকি বিশ্বচ্যাম্পিয়ন সতীর্থদের গ্যালারিতে বসে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়েছে।
ঘরের মাঠে এই মহাতারকার বিদায়ী ম্যাচটির কথা নিশ্চিত করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি বলেন, 'আমরা ২০২২ কাতার বিশ্বকাপে মেসির সঙ্গী হওয়া সব বিশ্বচ্যাম্পিয়নকে আমন্ত্রণ জানিয়েছি, যেন তারা পরিবার নিয়ে উপস্থিত থাকতে পারে। সব আর্জেন্টাইনের জন্যই এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে।'
Comments