সাদাকাতের ইতিহাস ছাপিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন অ্যান্টিগা
এলিমিনেটরে ৪৯ বলে ১১২, দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৭ বলে ৪১ আর ফাইনালে ৫৮ বলে ১১৪- পরপর তিন ম্যাচেই ঝড় তুললেন মাজ সাদাকাত। সেটিও যথেষ্ট হলো না জ্যামাইকা কিংসমেনের। বাকিদের আটকে রেখে প্রথমবার সিপিএল শিরোপা জিতল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস।
বার্বাডোজে বাংলাদেশ সময় সোমবার সকালে শেষ হওয়া ফাইনালে জ্যামাইকাকে ৮ উইকেটে হারিয়েছে অ্যান্টিগা। আগে ব্যাট করে ১৭০ রানের বেশি নিতে পারেনি জ্যামাইকা। জবাবে ২০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে যায় অ্যান্টিগা।
শিরোপা নির্ধারণী ম্যাচে জ্যামাইকার হয়ে একাই লড়েছেন সাদাকাত। পাকিস্তানের বাঁহাতি এই ওপেনার ৮ চার ও ৯ ছক্কায় করেছেন ৫৮ বলে ১১৪ রান। সিপিএল ইতিহাসে এই প্রথম ফাইনালে কেউ পেলেন সেঞ্চুরির দেখা।
সব মিলিয়ে ৭ ইনিংসে ৫১.৮৫ গড় ও ১৭৪.৫১ স্ট্রাইক রেটে ৩৬৩ রান করেছেন সাদাকাত। এর মধ্যে প্লে-অফের তিন ম্যাচেই তার সংগ্রহ ২৬৭ রান। তবু সেটি জ্যামাইকাকে শিরোপা জেতাতে পারেনি। কারণ দলের বাকিরা ছিলেন ভীষণ ব্যর্থ।
ফাইনালে সাদাকাত ছাড়া আর কেউ ত্রিশ রানও করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন তার স্বদেশী সাইম আইয়ুব। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কেও যেতে পারেননি।
চমৎকার বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় ৪ উইকেট নেন অ্যান্টিগার পাকিস্তানি বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম।
রান তাড়ায় প্রথম ওভারের ৫ বলেই ২০ রান করে ফেলেন রাকিম কর্নওয়াল। শেষ বলে অবশ্য আউট হয়ে যান তিনি। আরেক ওপেনার এভিন লুইসের ব্যাট থেকে আসে ৫ চার ও ২ ছক্কায় ২৬ বলে ৩৮ রানের ইনিংস।
এরপর আমির জাঙ্গু ও হাসান নাওয়াজ ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়েন। জাঙ্গু ৪ চার ও ৩ ছক্কায় ৩৪ বলে ৫৭ এবং হাসান ৩ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে করেন ৪৭ রান।
Comments