পাকিস্তানে গোলাগুলিতে দুই সেনা কর্মকর্তা নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় রোববার নিরাপত্তা বাহিনীর একটি বহরের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলিতে দুই কর্মকর্তা ও আরও চারজন নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ওই সংঘর্ষে আটজন সন্ত্রাসীও নিহত হয়েছে।
আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, হাঙ্গুতে নিরাপত্তা বাহিনীর একটি বহরের সঙ্গে 'খাওয়ারিজ'-দের তীব্র গোলাগুলি হয়।
নিহত দুই কর্মকর্তা হলেন ২৩ বছর বয়সী ক্যাপ্টেন আবুজার ফারুক, যিনি গুজরানওয়ালার বাসিন্দা, এবং ২২ বছর বয়সী লেফটেন্যান্ট শেরাজ বাবর, যিনি চাকওয়ালের বাসিন্দা। আইএসপিআর জানায়, তাঁরা সামনে থেকে নিজেদের সেনাদের নেতৃত্ব দিচ্ছিলেন এবং সংঘর্ষের সময় নিহত হন। তাঁদের সঙ্গে আরও চারজনও প্রাণ হারান।
আইএসপিআর প্রকাশিত ছবির তথ্য অনুযায়ী, নিহত অন্য চারজনের মধ্যে তিনজন সিপাহি এবং একজন বেসামরিক কর্মী ছিলেন।
অন্যদিকে, আইএসপিআর দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর কার্যকর পাল্টা হামলায় 'ভারত-সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজ'-এর আট সদস্য নিহত হয়েছে। পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে বোঝাতে 'ফিতনা আল-খাওয়ারিজ' শব্দটি ব্যবহার করে।
আইএসপিআর আরও জানিয়েছে, এলাকায় আর কোনো সশস্ত্র ব্যক্তি লুকিয়ে আছে কি না, তা খুঁজে বের করতে নিরাপত্তা অভিযান চলছে।
সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা বলেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখবে।
এই ঘটনা খাইবার পাখতুনখোয়ার কোহাটে একটি মসজিদের কাছে হামলার দুই দিন পর ঘটেছে। ওই হামলায় ১৭ পুলিশ সদস্যসহ মোট ২৩ জন নিহত হয় এবং পরবর্তী অভিযানে আটজন সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।
Comments