রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫
রাজধানী ঢাকা গত ২৪ ঘণ্টায় মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ১৪৬ জন, গুলশান বিভাগে ৪১ জন, উত্তরা বিভাগে ৪৫ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছে ত্থেকে একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গান পাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড়, ২৫০ গ্রাম পেট্রল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, সাতটি টিনের টুকরা, ১০ টুকরা স্কচটেপ, ১০৪টি পেরেক এবং একটি বিস্ফোরিত ককটেলের টিনের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় একটি প্রাইভেট কার, তিনটি চাকু, একটি চাপাতি, একটি ছোট কাঁচি, একটি কাটার, ফয়েল পেপার, গ্যাস লাইট, একটি নাইলনের রশি ও ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অভিযানে দুটি ইয়াবা তৈরির মেশিন, ২ হাজার ৬০০ গ্রাম বিভিন্ন কেমিক্যাল, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল ও ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ১ হাজার ৫০০ গ্রাম উদ্ধার করা হয়। এ ছাড়া দুজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Comments