সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানাল জাতিসংঘ
সৌদি আরবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে বেসামরিক মানুষ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ঘটনায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক আহত হওয়ার কথাও উল্লেখ করেছে পরিষদ।
নিরাপত্তা পরিষদের সদস্যরা বলেন, এর আগেও ৭ আগস্টের বিবৃতিতে সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানানো হয়েছিল। এবার লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচলকে লক্ষ্য করে হামলা এবং হুমকির বিষয়েও উদ্বেগ পুনর্ব্যক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক জলপথে জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে হুথিদের সামরিক উত্তেজনা বাড়ানো এবং বেসামরিক মানুষ ও স্থাপনায় হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ।
ইয়েমেনে বেসামরিক হতাহত ও বাস্তুচ্যুতির পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছে পরিষদ। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক কার্যালয় (ওসিএইচএ)-এর তথ্যের বরাত দিয়ে তারা জানায়, সেপ্টেম্বরের শুরু থেকে দেশটিতে ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংঘাত আরও ছড়িয়ে পড়লে ইয়েমেনের আগে থেকেই সংকটপূর্ণ মানবিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে নিরাপদ, দ্রুত ও বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের ৭৩ কর্মীসহ বিভিন্ন বেসরকারি সংস্থা, সুশীল সমাজ ও কূটনৈতিক মিশনের যেসব কর্মী আটক রয়েছেন, তাদের নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছে নিরাপত্তা পরিষদ।
বিবৃতিতে ইয়েমেন সরকারের সঙ্গে কার্যকর সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে বলা হয়, হুথিদের সামরিক কর্মকাণ্ডে অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা পৌঁছানো বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবায়নে সদস্য দেশগুলোর দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়।
একই সঙ্গে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আওতায় আত্মরক্ষার ক্ষেত্রে সৌদি আরবের স্বীকৃত অধিকারের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
Comments