কেইনের রেকর্ডের রাতে ওলিসের হ্যাটট্রিক, বায়ার্নের ৭-০ জয়
ওলিসের হ্যাটট্রিক ও হ্যারি কেইনের রেকর্ড গড়া গোলের রাতে ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে নিজেদের মাঠে পুরো ম্যাচেই আধিপত্য ধরে রাখে ভিনসেন্ট কোম্পানির দল।
বায়ার্নের বড় জয়ে একাই তিন গোল করেছেন মাইকেল ওলিসে। জোড়া গোল করেছেন হ্যারি কেইন। এছাড়া একটি করে গোল এসেছে জামাল মুসিয়ালা ও ইসমাইল সাইবারির কাছ থেকে।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে বায়ার্ন। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলমুখে ২৪টি শট নেয় তারা, যার ১৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে ইউনিয়ন বার্লিনের লক্ষ্যভেদী শট ছিল মাত্র দুটি।
১৮ মিনিটে মুসিয়ালার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে ওলিসের গোলে ৩-০ লিড নিয়ে বিরতিতে যায় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোলের দেখা পান কেইন। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে বায়ার্নকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। একই সঙ্গে বুন্দেসলিগায় গোলের সেঞ্চুরি পূর্ণ করেন ইংলিশ এই তারকা।
মাত্র ৯৮ ম্যাচেই জার্মান লিগে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে নতুন রেকর্ড গড়েছেন কেইন। এর আগে এই কীর্তির রেকর্ড ছিল ডিটার মুলারের দখলে। ১৯৭০-এর দশকে বুন্দেসলিগায় ১০০ গোল করতে ১২৯ ম্যাচ খেলতে হয়েছিল তাকে।
বায়ার্নের জার্সিতে কেইনের গোলসংখ্যাও দাঁড়িয়েছে ১৫১-তে। ১৫৪ ম্যাচে এই গোল করেছেন তিনি।
ম্যাচের শেষ দিকে আরও তিন গোল করে বার্লিনের কফিনে শেষ পেরেক ঠোকে বায়ার্ন। ৭০ মিনিটে সাইবারি গোল করে ব্যবধান ৫-০ করেন। এরপর ৭৩ ও ৭৬ মিনিটে পরপর দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ওলিসে।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও ৭-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।
এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে বায়ার্ন মিউনিখ। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রেইবুর্গ। অন্যদিকে চার ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া ইউনিয়ন বার্লিন রয়েছে ১৬তম অবস্থানে।
Comments