জুমার নামাজের সময় পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণ, নিহত ১৬
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় জুমার নামাজ চলাকালে মসজিদের কাছে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য এবং ১১ জন বেসামরিক নাগরিক রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কোহাটের পুরোনো পুলিশ লাইনস এলাকার একটি মসজিদের বাইরে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে বড় ধরনের গর্ত তৈরি হয়। আহতদের বেশিরভাগই মসজিদে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লি বলে জানিয়েছে পুলিশ।
কোহাট জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট তাহির আলী শাহ জানান, বিস্ফোরণের পর হাসপাতালটিতে ১৫টি মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে নেওয়া হয়।
খাইবার পাখতুনখাওয়ার ইন্সপেক্টর জেনারেল জুলফিকার হামিদও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি প্রথমে ভবনের ফটকে আঘাত করে বিস্ফোরিত হয়।
পুলিশের ভাষ্য, বিস্ফোরণের পর কয়েকজন হামলাকারী কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) ভবনের দিকে যাওয়ার চেষ্টা করে। সেখানে তাদের নিষ্ক্রিয় করা হয়। আরও তিনজন হামলাকারী স্পেশাল ব্রাঞ্চের ভবনের দিকে এগিয়ে যায় বলে জানানো হয়েছে।
বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই রেসকিউ ১১২২-এর দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
Comments