প্রতিনিধি পরিচালক হওয়ার শর্ত কঠিন করল কেন্দ্রীয় ব্যাংক
ব্যাংকের মালিকানায় সুশাসন ফিরিয়ে আনতে প্রতিনিধি পরিচালক হওয়ার শর্ত আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকের প্রতিনিধি পরিচালক হতে হলে সংশ্লিষ্ট শেয়ারধারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিংবা পরিচালক হতে হবে। পাশাপাশি ওই ব্যক্তির নিজ নামে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নির্দিষ্ট পরিমাণ শেয়ারের মালিকানাও থাকতে হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত একটি নতুন নির্দেশনা জারি করেছে।
নির্দেশনার মূল লক্ষ্য
-
ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।
-
শেয়ারধারী কোম্পানির আর্থিক সক্ষমতার তুলনায় অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো।
-
প্রতিনিধি পরিচালকদের ভূমিকা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
-
সাধারণ আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত রাখা।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন শর্ত : কোনো কোম্পানি তার নিট সম্পদের (নেট ওয়ার্থ) চেয়ে বেশি মূল্যমানের শেয়ার একক বা একাধিক ব্যাংকে ধারণ করতে পারবে না। কোনো প্রতিষ্ঠান এই সীমা অতিক্রম করলে আগামী ছয় মাসের মধ্যে তা কমিয়ে আনতে হবে।
প্রতিনিধি পরিচালক হিসেবে মনোনয়ন পাওয়ার আগে, তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নিজ নামে পরিশোধিত মূলধনের অন্তত ২ শতাংশ এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে অন্তত ২০ শতাংশ দায়মুক্ত শেয়ারের মালিকানা থাকতে হবে। পুরো দায়িত্ব পালনকালে এই মালিকানা বজায় রাখতে হবে। প্রতিনিধি পরিচালক নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তন করতে হলে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। অনুমোদনের সময় মনোনীত ব্যক্তির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকানা থাকার প্রমাণপত্রও জমা দিতে হবে।
ব্যাংকের পরিচালক ও সংশ্লিষ্টদের অবগতির জন্য নতুন এই সার্কুলারের বিষয়বস্তু পর্ষদ সভায় উপস্থাপন করতে হবে। একই সঙ্গে কর্মকর্তা ও শেয়ারধারীদের নজরে আনার নির্দেশও দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতীতে বিভিন্ন প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোতে এমন ব্যক্তিদের প্রতিনিধি পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হতো, যারা মূলত ওই গ্রুপের সাধারণ কর্মকর্তা-কর্মচারী ছিলেন। এতে প্রতিনিধি পরিচালকের স্বাধীনতা, প্রকৃত মালিকানার প্রতিনিধিত্ব এবং জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠত। অনেক ক্ষেত্রে এসব পরিচালকদের মাধ্যমে ব্যাংকের পর্ষদে নির্দিষ্ট কোনো গ্রুপের স্বার্থ প্রাধান্য পাওয়ার অভিযোগও ছিল।
নতুন এই নির্দেশনার ফলে কোনো গ্রুপের নামমাত্র কর্মকর্তা বা ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ার সুবাদে ব্যাংকের পর্ষদে বসার সুযোগ বন্ধ হবে। একই সঙ্গে প্রতিনিধি পরিচালকের নিজস্ব শেয়ার মালিকানা বাধ্যতামূলক করায় ভবিষ্যতে ব্যাংকের পর্ষদে কার স্বার্থে কে প্রতিনিধিত্ব করছেন, তা যাচাই করা আরও সহজ হবে।
Comments