বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনাম ভ্রমণ আরও সহজ করতে ভিসা প্রক্রিয়া সহজীকরণের জোরালো আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাঁচ দশকের বেশি সময় পার হয়েছে। এই সম্পর্ককে আরও দৃঢ় করতে দুই দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের পারস্পরিক যোগাযোগ বাড়ানো অত্যন্ত জরুরি। আর এজন্য ভিসা প্রক্রিয়া সহজ করার কোনো বিকল্প নেই।
দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরও ভারসাম্যপূর্ণ ও লাভজনক করার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি জানান, বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির সুযোগ তৈরিতে ভিয়েতনামের সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি ভিয়েতনামে বাংলাদেশের বিশ্বমানের ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল এবং পাট ও পাটজাত পণ্যের আমদানি বাড়ানোর আহ্বান জানান।
বৈঠকে ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত দুই দেশের রাজধানীর মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) বাস্তবায়ন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
রাষ্ট্রদূত ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভিয়েতনাম সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জন্য রাষ্ট্রপতি তাকে ধন্যবাদ জানান এবং ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ভিয়েতনাম সফরের স্মৃতিচারণ করেন। সে সময়কার উষ্ণ আতিথেয়তার কথা স্মরণ করে তিনি দুই দেশের ঐতিহাসিক বন্ধন আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান ভিয়েতনামী রাষ্ট্রদূত। অন্যদিকে, বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। দেশে ফিরে যাওয়ার পরও তিনি দুই দেশের বন্ধুত্বের সেতু বন্ধন জোরদারে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভিয়েতনাম দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments