দেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশু মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে। তবে নিশ্চিত হামে কারোর মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৪৬। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৪৬ জনের মৃত্যু হয়েছে।
সংস্থাটির তথ্যানুসারে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে ২ জন মারা গেছে। একই সময়ে ৬১ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৩৪৩ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ২৮২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৬ হাজার ৪৮০ জনে।
Comments