রাজধানীতে সকালে স্বস্তির বৃষ্টি, তবে ভোগান্তিতে কর্মজীবী মানুষেরা
রাজধানী ঢাকায় আজ সাতসকালেই জেকে বসেছে বৃষ্টি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে হঠাৎ শুরু হওয়া এই বৃষ্টিতে স্বস্তি মিলেছে তাপমাত্রায়, তবে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও কর্মজীবী মানুষেরা। অনেকেই ছাতা বা প্রস্তুতি ছাড়াই ঘর থেকে বের হয়ে কাকভেজা হয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে পৌঁছান।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে—ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে যে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
Comments