জাতীয় ক্রিকেট লিগ শুরু হচ্ছে ৩ অক্টোবর
চার দিনের জাতীয় ক্রিকেট লিগ দিয়ে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী ৩ অক্টোবর একযোগে চারটি ভেন্যুতে মাঠে গড়াবে আট দলের প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় লিগের ২৮তম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আসরে দেশের আটটি বিভাগীয় দল অংশ নেবে। প্রায় সাত সপ্তাহের এই প্রতিযোগিতা শেষ হবে ১৭ নভেম্বর।
উদ্বোধনী রাউন্ডে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ও ঢাকা। একই দিনে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খেলবে খুলনা ও বরিশাল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে সিলেট ও ময়মনসিংহ। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী।
এক স্তরের এই জাতীয় লিগে প্রতিটি দল অন্য সাত দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ফলে প্রত্যেক দল সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সাত রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই হবে জাতীয় লিগের চ্যাম্পিয়ন।
এবারের আসরে বলের ক্ষেত্রেও থাকছে পরিবর্তন। গত কয়েক মৌসুমে জাতীয় লিগের ম্যাচগুলো মূলত ডিউক বলে অনুষ্ঠিত হলেও এবার আবার কুকাবুরা বলে ফিরছে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের এই প্রতিযোগিতা।
মিরপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনার পাশাপাশি রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং কক্সবাজার একাডেমি মাঠেও হবে এবারের জাতীয় লিগের ম্যাচ।
জাতীয় লিগ শুরুর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারী আট দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে ব্যাগি ক্যাপ। নিজ নিজ বিভাগের হয়ে জাতীয় লিগে খেলা সাবেক ক্রিকেটাররা অধিনায়কদের হাতে এই ক্যাপ তুলে দেবেন।
Comments