আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন হামেস রদ্রিগেজ
কলম্বিয়া জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৫ বছরের যাত্রার সমাপ্তি টানলেন হামেস রদ্রিগেজ। আবেগঘন এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় হামেস জানান, কলম্বিয়ার জার্সিতে অসংখ্য স্মৃতি, সাফল্য ও কঠিন সময় পার করার পর এবার নতুন অধ্যায়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলা তার কাছে যেমন স্বপ্নের ছিল, তেমনি ছিল বড় দায়িত্বেরও।
কলম্বিয়ার জার্সিতে হামেসের সর্বশেষ ম্যাচ ছিল ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে। নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া। সেই ম্যাচের পরই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানান হামেস।
২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় তার। অভিষেক ম্যাচেই গোল করে নিজের আগমনের জানান দিয়েছিলেন এই মিডফিল্ডার।
তবে বিশ্ব ফুটবলে হামেসের বড় পরিচিতি আসে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ছয় গোল করে গোল্ডেন বুট জেতেন তিনি। উরুগুয়ের বিপক্ষে শেষ ষোলোতে করা দুর্দান্ত ভলিটি হয়ে যায় বিশ্বকাপের অন্যতম আলোচিত গোল। পরবর্তীতে সেই গোলের স্বীকৃতি হিসেবে ফিফা পুসকাস অ্যাওয়ার্ডও পান হামেস।
২০১৪ বিশ্বকাপে কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিদায় নিলেও হামেসের দুর্দান্ত পারফরম্যান্স তাকে ইউরোপের বড় ক্লাবে নিয়ে যায়। মোনাকো থেকে বড় অঙ্কের ট্রান্সফারে তাকে দলে নেয় রিয়াল মাদ্রিদ। এরপর বায়ার্ন মিউনিখ ও এভারটনের জার্সিতেও খেলেছেন তিনি। ক্যারিয়ারের পরবর্তী সময়ে অলিম্পিয়াকোস, সাও পাওলো, রায়ো ভায়েকানো, ক্লাব লিওন ও মিনেসোটা ইউনাইটেডের হয়েও মাঠে নামেন।
জাতীয় দলের হয়ে মোট ১৩১ ম্যাচ খেলেছেন হামেস। এই সময়ে তার গোল ৩১টি, সঙ্গে রয়েছে ৪৩টি অ্যাসিস্ট। কলম্বিয়ার হয়ে ২০১৪, ২০১৮ ও ২০২৬ বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি। ২০২২ সালের কাতার বিশ্বকাপে অবশ্য কলম্বিয়া জায়গা করে নিতে পারেনি। বিশ্বকাপে দেশটির হয়ে সর্বোচ্চ ১৩ ম্যাচ খেলার রেকর্ডও এখন হামেসের দখলে।
জাতীয় দলের অধিনায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ২০২৪ কোপা আমেরিকায় তার নেতৃত্বে ফাইনালে ওঠে কলম্বিয়া। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় দলটি।
কলম্বিয়ার ১০ নম্বর জার্সির সঙ্গে নিজের পরিচয়কে একাকার করে ফেলেছিলেন হামেস। জাতীয় দলের হয়ে অধিনায়কত্বের আর্মব্যান্ডও পরেছেন তিনি। বিদায়ী বার্তায় নিজের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগকে বিশেষ সম্মানের হিসেবে উল্লেখ করেন এই তারকা।
তবে ক্লাব ফুটবলের যাত্রা এখনি শেষ করছেন না তিনি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরও পেশাদার ফুটবল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মাত্র চার দিন আগে কলম্বিয়ার ক্লাব আতলেতিকো নাসিওনালে যোগ দিয়ে দেশের ঘরোয়া ফুটবলে ফিরেছেন এই তারকা।
ক্লাব ক্যারিয়ারে ২৫টি ট্রফি জেতা হামেসের জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জেতা হয়নি। তবে কলম্বিয়ার ফুটবল ইতিহাসে তার ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট এবং ১০ নম্বর জার্সির সঙ্গে তার দীর্ঘ পথচলা তাকে আলাদা এক অবস্থানে নিয়ে গেছে।
Comments