‘লেডি মীরজাফর’ বলার অভিযোগে ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার নালিশ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে অবমাননা করার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে ওই আইন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেলের কাছেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি।
সোমবার বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানিকালে ব্যারিস্টার রুমিন ফারহানা বিষয়টি আদালতের নজরে আনেন।
রুমিন ফারহানা আদালতকে জানান, ব্যক্তিগত আক্রোশ ও ক্ষোভ থেকে ডিএজি ছোটন ফেসবুকে তার বিরুদ্ধে পোস্ট দিয়েছেন। ফলে রাষ্ট্রপক্ষে ওই কর্মকর্তা তার মামলা পরিচালনা করলে তা মক্কেলের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে।
আদালত বিষয়টি আমলে নিয়ে ডিএজি ছোটনের পরিবর্তে সংশ্লিষ্ট আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাগর হোসেনকে মামলার শুনানির দায়িত্ব দেন এবং অবকাশকালীন ছুটির পর শুনানির দিন ধার্য করেন।
গত ১১ সেপ্টেম্বর ডিএজি নজরুল ইসলাম ছোটন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে 'লেডি মীরজাফর রুমিন ফারহানা আফা অতীত খুব দ্রুতই ভুলে যাচ্ছেন' মর্মে স্ট্যাটাস দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
রুমিন ফারহানা তাঁর অভিযোগে উল্লেখ করেন, একজন সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের অশোভন ও হুমকিপ্রসূত আচরণ নারী ও জনপ্রতিনিধি হিসেবে তাঁর জন্য যেমন অপমানজনক, তেমনি তা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।
রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আইন পদে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী বা আইনজীবীদের নিয়ে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করা কতটা গ্রহণযোগ্য— তা নিয়ে আইনি অঙ্গনে এখন বড় প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
Comments