ডাকসু সংগ্রহশালা: জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবি শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে তা ছিঁড়ে ফেলেছেন এক শিক্ষার্থী। সোমবার দুপুর আড়াইটার দিকে ডাকসু সংগ্রহশালায় গিয়ে এই ঘটনা ঘটে।
ডাকসু সংগ্রহশালায় থাকা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ২০২৫ সালের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী আবু তৈয়ব হাবিলদার।
ভাষা আন্দোলনের সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, "যে জিন্নাহ আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, সে জিন্নাহকে কীভাবে এখানে রাখে? এখানে থাকতে হবে ভাষা আন্দোলনের নায়ক আবুল কাসেম, শেখ মুজিবুর রহমান ও মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের ছবি।"
সম্প্রতি সংস্কার শেষে রবিবার চালু হওয়া ডাকসু সংগ্রহশালায় বঙ্গবন্ধুর একক ছবি স্থান না পেলেও মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি যুক্ত করা হয়। ছবিগুলোর মধ্যে ছিল— ১৯৪৮ সালের ২১ মার্চ "উর্দুই হবে রাষ্ট্রভাষার" ঘোষণার অনুষ্ঠান, ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের গ্রুপ ছবি এবং ১৯৭০ সালের ডন পত্রিকার পেপার কাটিং।
সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের গণআকাঙ্ক্ষা ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দেওয়া হয়েছে।
ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতার ছবি স্থান পাওয়াকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
Comments