ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: ছাত্রদলের নিন্দা ও অপসারণ দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
ছাত্রদলের অভিযোগ, শিবির-নিয়ন্ত্রিত বর্তমান ডাকসু পরিষদ ধারাবাহিকভাবে ১৯৭১ সালের পরাজিত শক্তির প্রতি প্রচ্ছন্ন অনুরাগ ও পাকিস্তানপ্রেম প্রকাশ করে আসছে।
মধুর ক্যান্টিনের নাম পরিবর্তন করে 'ইশরাত মঞ্জিল' করার অপচেষ্টার পাশাপাশি ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি স্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়। সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়ে ডাকসু নেতৃত্ব নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত রয়েছে। ভাষা আন্দোলন ও স্বাধীনতাবিরোধী হিসেবে সমালোচিত মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনকে ভাষা ও স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যের প্রতি সরাসরি অবমাননা হিসেবে উল্লেখ করা হয়।
অবিলম্বে ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ এবং ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার স্থান হিসেবে ব্যবহার বন্ধ করার দাবি জানিয়েছে ছাত্রদল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্মারক ও চেতনা বিকৃত করার সব অপপ্রয়াস রুখে দিতে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
গত রবিবার ডাকসু ভবনের নিচতলায় সংস্কারকৃত ঐতিহাসিক সংগ্রহশালা পুনরায় উদ্বোধন করা হয়। সেখানে ১৯৪৮ সালের ২১ মার্চ রেসকোর্স ময়দানে জিন্নাহর 'উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা' বক্তব্যের ছবিসহ ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ছবি এবং ১৯৭০ সালের নির্বাচনসংক্রান্ত পাকিস্তানের ডন পত্রিকার একটি সংবাদ প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনকালে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা উপস্থিত ছিলেন।
Comments