চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: ভারত থেকে ফিরলেন ১০ বাংলাদেশি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীমনগর ঘাটে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ভারতে উদ্ধার হওয়া ১০ বাংলাদেশি যাত্রীকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। তবে এখনো নিখোঁজ রয়েছেন মোস্তফা (৬০) নামে আরও একজন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চরবাগডাঙ্গার ফরিদপুর বিওপি ও ভারতের খান্দুয়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
বিজিবি জানায়, শনিবার বিকেলে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা আলীমনগর ঘাট থেকে জহুরপুরটেকের উদ্দেশে রওনা হলে পদ্মা নদীতে ডুবে যায়। এ সময় একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে বিএসএফ ১০ জনকে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়াদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছেন। পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
Comments