আজ রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদনের সময়
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন করার সময় শেষ হচ্ছে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায়। একই সময়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরাও নতুন করে আবেদন করতে পারবেন।
আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নিরীক্ষণের মাধ্যমে যেসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে, তাদের সংশোধিত ফল একাদশ শ্রেণির ভর্তি পোর্টালে যুক্ত করা হয়েছে। ফলে আগে আবেদন করতে না পারা এসব শিক্ষার্থী নতুন করে আবেদন করার সুযোগ পাচ্ছেন। যারা এরই মধ্যে আবেদন করেছেন, তারাও আজ রাত ৮টা পর্যন্ত নিজেদের পছন্দক্রম বা আবেদন সংশোধন করতে পারবেন।
এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ১০ সেপ্টেম্বরের মধ্যে একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে না পারা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। তারাও আজ রাত ৮টার মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
এর আগে গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
ভর্তি নির্দেশনা অনুযায়ী, একজন শিক্ষার্থী কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে পারবেন। আজ রাত ৮টা পর্যন্ত আবেদনকারীদের পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে।
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামী ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। নির্বাচিতদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশের কথা রয়েছে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
নীতিমালা অনুযায়ী, যে বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, সেই শিক্ষাবর্ষের পাশাপাশি আগের দুই শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীরাও একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবেন। বিদেশি বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে সনদের সমমান নির্ধারণের পর আবেদনের সুযোগ মিলবে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, শিক্ষা বোর্ডের অনুমোদন ছাড়া কোনো কলেজ শিক্ষার্থী ভর্তি বা ছাড়পত্র (টিসি) দিতে পারবে না। অনুমোদন ছাড়া কোনো শাখা কিংবা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি, স্বীকৃতি অথবা এমপিওভুক্তি বাতিলের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
Comments